ভারত শাসিত কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হওয়ার জের ধরে এবার কলকাতায় এক চিকিত্সককে হেনস্তা করার অভিযোগ উঠেছে। তাকে কলকাতা ছেড়ে দিতে হুমকি দেওয়া হয়েছে। পুলিশও জানিয়েছে, প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে কলকাতায় বসবাসরত এক চিকিত্সক হেনস্থার শিকার হয়েছেন। তার নিরাপত্তার স্বার্থে ওই চিকিত্সকের নাম প্রকাশ করা হচ্ছে না এবং তিনি ফোনেও কথা বলছেন না। অভিযোগ পেয়ে তার বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করেছে সরকার। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্য প্রসূন ভৌমিক জানান, ওই চিকিত্সক জানিয়েছেন যে তিনি বাজার সেরে ফেরার সময়ে কিছু লোক তাকে ঘিরে ধরে এবং হুমকি দেয় যে তাকে সন্তানদের নিয়ে নিজের রাজ্য কাশ্মিরে ফিরে যেতে হবে সত্বর। -বিবিসি