রায় পাওয়ার ৪৫ দিনের মধ্যে আত্মসমর্পণ, নইলে নাজমুল হুদাকে গ্রেফতার

প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় তৃণমূল বিএনপির শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার চার বছরের সাজা বহালের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারিক আদালত এই রায় পাওয়ার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে নাজমুল হুদাকে গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের স্বাক্ষরের পরই রায়টি গতকাল রবিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়েছে, দুর্নীতি একটি অভিশাপ। সমাজের সর্বত্রই দুর্নীতি দেখা যাচ্ছে। কোনো সরকারি কর্মচারীর দুর্নীতি শুধু সমাজের ভিত্তিকেই ক্ষয় করে না, তা জাতীয় স্বার্থ ও অর্থনীতির জন্য ক্ষতিকর। রায়ে বলা হয়, যখন একজন ব্যক্তি সরকারের কোনো শীর্ষ পদে যায় এবং ক্ষমতার অপব্যবহার করে তখন ওই দুর্নীতি দেশের অর্থনীতি, জাতীয় স্বার্থ ও ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করে। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দায়েরকৃত মামলায় নাজমুল হুদাকে সাত বছরের এবং তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের পুনঃশুনানি শেষে গত বছরের ৮ নভেম্বর হাইকোর্ট নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে রায়ের অনুলিপি বিচারিক আদালতে পৌঁছার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। এক বছর পর ওই রায় প্রকাশ পেল। এ রায় প্রসঙ্গে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের এই রায়ের ফলে নাজমুল হুদা নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।