আখাউড়ায় কোটি টাকা নিয়ে এনজিও উধাও

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঋণ দেওয়ার নামে কয়েক শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে ‘গ্রাম উন্নয়ন কেন্দ্র’ নামের একটি এনজিওর বিরুদ্ধে।

সোমবার সকালে গ্রাহকরা ঋণ নিতে এসে দেখেন অফিসে তালা ঝুলানো। এ সময় ক্ষুব্ধ গ্রাহকরা থানার সামনে অবস্থান নেয়। পরে তারা থানায় অভিযোগ জানান।

ভুক্তভোগী রাজাপুর গ্রামের শরীফা বেগম জানান, ১ লাখ টাকা ঋণ দেওয়ার পাশাপাশি স্বামীকে কর্মসংস্থান করে দেওয়ার অজুহাত দেখিয়ে এনজিওটি সঞ্চয় বাবদ তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে। সোমবার ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু তারা ঋণ নিতে এসে দেখেন অফিস ঘরটি তালাবদ্ধ। বীরচন্দ্রপুর গ্রামের আরেক ভুক্তভোগী সাদেক মিয়া জানান, তারা ২ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে গত দুই দিন আগে আমার কাছ থেকে একটি বইয়ের মাধ্যমে ২০ হাজার টাকা নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি ও পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, এ ধরনের এনজিও প্রতিষ্ঠানের নাম সরকারি তালিকায় নেই। অর্থ লেনদেনের ক্ষেত্রে মানুষের সচেতন হওয়া উচিত।