নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ২০:৫৮

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইউএনও কার্যালয় চত্ত্বরের সংরক্ষিত এলাকায় সড়কের পাশে অবস্থিত মসজিদে এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

মসজিদ কমিটি সূত্রে জানা যায়, মসজিদের মোয়াজ্জিন ইসরায়েল হোসেন আসরের নামাজের পর কয়েকজন মুসল্লিসহ তিনি মসজিদে দানবাক্সের কাছে গেলে তালা ভাঙা বিষয়টি দেখতে পান। ওই দানবাক্সের বাইরের দুটি ও ভেতরের একটি তালা ভেঙে বাক্সে থাকা সব টাকা-পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে বাক্সে ঠিক কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোয়াজ্জিন ইসরায়েল হোসেন জানান, এর আগে গত ২৬ জুন দানবাক্সটি খোলা হয়েছিল। তখন বাক্স থেকে প্রায় পাঁচ হাজার টাকা বের করা হয়। এরপর আর দানবাক্সটি খোলা হয়নি। চুরির বিষয়টি তিনি মসজিদ পরিচালনা কমিটিকে জানিয়েছেন।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর সরোয়ার মোরশেদ জানান, ছুটির দিন হওয়ায় তিনি উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন না। তবে চুরির বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজ রয়েছে। পুলিশ এলে ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাগাতিপাড়া মডেল থানার হিসেবে দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর (এসআই) দোলা পারভীন জানান, মসজিদ কমিটি থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এপি