বদলগাছীতে বাজার দর বেশি গুদামে ধান দিতে অনীহা 

সরকারি খাদ্যগুদামে ধান দিতে অনীহা প্রকাশ করছেন বদলগাছী উপজেলার কৃষকরা| তারা বলছেন, সরকার যে রেটে ধান-চাল সংগ্রহ করছে তা থেকে বাজারে দাম বেশি পাওয়া যাচ্ছে| তাই সরকারি খাদ্যগুদামে তারা দিতে চাচ্ছেন না| 

খোঁজ নিয়ে জানা গেছে, বদলগাছী খাদ্যগুদামে গত ৭ নভেম্বর থেকে ধান-চাল কেনার কার্যক্রম শুরু করেছে| 

খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মোজ্জেম হোসেন জানান, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৪৪ মেট্রিক টন| কিন্তু এখন পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে ১৩ মেট্রিক টন ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ১৫৩ মেট্রিক টন সংগ্রহ হয়েছে ১১০.৫২০ মেট্রিক টন| 

তিনি আরও বলেন, কৃষকরা বাজারে ধানের দাম বেশি পাওয়ায় খাদ্যগুদামে ধান দিতে অনীহা প্রকাশ করছেন| আর উপজেলার ২০ জন মিলারের মাধ্যমে চাল ক্রয়ের জন্য যাবতীয় প্রক্রিয়া অব্যাহত রয়েছে| 

উপজেলার চাংলা গ্রামের কৃষক আয়েন উদ্দীন, আফাজ আলী, আক্কেলপুর গ্রামের বাবুল হোসেনসহ অনেকে বলেন, বাজারে দাম বেশি পাচ্ছি| তাছাড়া গুদামে ধান দিতে হলে মিটার পাশসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়| 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, বাজারে ধানের দাম বেশি| তাই কৃষকরা ধান দিতে চাচ্ছে না| তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি|