গণমানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে। দক্ষিণ এশিয়ার বাংলা ভাষাভাষী মানুষের জনপ্রিয় এই পত্রিকা আজ ৬৯ বছরে পদার্পণ করলো। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার বাংলা ভাষাভাষী মানুষের, বিশেষ করে গণমানুষের একটি প্রধান পত্রিকা দৈনিক ইত্তেফাক।’
দেশের ঐহিত্যবাহী এই পত্রিকায় সবসময় গণমানুষের মতামতের প্রতিফলন ঘটেছে স্মরণ করে ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এটি ছিল গণমানুষের একটি পত্রিকা। এর ভাষা ছিল সাধু ভাষা। বিভিন্ন অঞ্চলে প্রচলিত হারিয়ে যাওয়া বিভিন্ন ভাষার সম্মেলিন ঘটিয়ে এই পত্রিকাটি তার যাত্রা শুরু করেছিল। ফলে সহজেই মানুষের মণিকোঠায় এই পত্রিকাটি জায়গা করে নিতে পেরেছিল। কেননা এটা গণমানুষের ভাষায় কথা বলতো। ফলে নিঃসন্দেহ এটি পত্রিকার ব্যতিক্রমধর্মী স্বতন্ত্র বৈশিষ্ট্য।’
প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে ঢাবি ভিসি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে-দীর্ঘ পথপরিক্রমা অতিক্রম করে নানা বাধা-বিপত্তি ও বিভিন্ন উত্তাল সময় মোকাবিলা করে গণমানুষের এই পত্রিকাটি আজ ৬৯ বছরে পদার্পণ করছে। আজকের এই সুন্দর দিনে ইত্তেফাকের সম্পাদক, সাংবাদিকবৃন্দ, অগণিত পাঠক, শুভানুধ্যায়ী ও যারা এর পৃষ্ঠপোষকতায় আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
পত্রিকাটির প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার কথা স্মরণ করে আখতারুজ্জামান বলেন, ‘দৈনিক ইত্তেফাক কয়েকটি কারণে গণমানুষের কাছে সবসময় গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। সেটি হলো, এই পত্রিকাটি একদিকে যেমন গণমানুষের কথা বলতো, অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের খুব কাছাকাছি থেকে তার মুখপাত্র হিসেবে এবং বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মসূচি, দর্শনগুলো প্রচারণায় নেতৃস্থানীয় ভূমিকা রেখেছিল।’
বঙ্গবন্ধুর প্রণীত ৬ দফা গণমানুষের কাছে পৌঁছাতে দৈনিক ইত্তেফাক ভূমিকা রেখেছে উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, ‘১৯৬৬ সালে বঙ্গবন্ধুর প্রণীত ৬ দফা গণমানুষের কাছে পৌঁছানো এবং সেটিকে ১৯৭০ এর নির্বাচনে প্রধান উপজীব্য করে জয়লাভের পেছনে ইত্তেফাক পত্রিকাটি অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল। এই কারণে পত্রিকাটি বিপুল সংখ্যক মানুষের আস্থার জায়গা হিসেবে পরিগণিত হয়।’
ইত্তেফাক তার নিরবচ্ছিন্ন সফলতা ধরে রাখবে আশাবাদ ব্যক্ত করে এই শিক্ষাবিদ বলেন, ‘আশা করবো, সামনের দিনগুলোতেও ইত্তেফাক তার নিরবচ্ছিন্ন সফলতা ধরে রাখতে সক্ষম হবে। শুধু গণমানুষের নানা কথা গণমানুষের ভাষায় উপস্থাপনের মাধ্যমে।’