দ্বিতীয় ম্যাচেও রান পাহাড়ে যুবা টাইগাররা 

প্রথম ম্যাচের মতো নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ। এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কুয়েতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাহফিজুল ১১২ রানের সুবাধে বাংলাদেশের যুবারা ২৯১ রানের বিশাল স্কোর করেছে বাংলাদেশ। 

শারজায় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানো দলের হাল ধরেন ওপেনার মাহফিজুল ইসলাম। দেখেশুনে খেলে তিনি তুলে নেন শতক।

শতকের পর অবশ্য বেশিদূর এগোয়নি মাহফিজুলের ইনিংস। সাজঘরে ফেরার আগে ১১৯ বল খেলে করেন ১১২ রান, যার মধ্যে ১২টি চার ও ৪টি ছক্কার মার ছিলো। 

মাহফিজুলের পর ঝড়ো ইনিংস খেলেন এস এম মেহরব হোসেন। ২৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ রান করেন তিনি। এছাড়া আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন।

শেষদিকে দ্রুত কিছু উইকেট হারানোয় ৪ বল বাকি থাকতেই বাংলাদেশ অলআউট হয়ে যায়। তবে ততক্ষণে ক্ষুদে টাইগাররা জড়ো করে ফেলে ২৯১ রান। জিততে হলে ২৯২ রানের পাহাড় ডিঙাতে হবে কুয়েতকে।

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৯১/১০ (৪৯.২ ওভার)
মাহফিজুল ১১২, মেহরব ৪২, তাহজিবুল ২৫, আরিফুল ২৩, আইচ ২০
সাদিক ৪০/৩, উমর ৪৫/২