রংপুরে ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে নিহত চার

রংপুরে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ১০টার দিকে রংপুর সদর উপজেলার লাহিরীরহাটে বিদ্যুতের যন্ত্রপাতি বোঝাই একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে পল্লী বিদ্যুতের মালামাল নিয়ে একটি ট্রাক সদর উপজেলার পাগলাপীরে যাচ্ছিল। ?এ সময় লাহিরীরহাট এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক ও ইজিবাইক পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের তিনজন যাত্রী নিহত হন। আরও দুইজন আহত হয়। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজন মারা যায়। দুর্ঘটনায় হতাহতের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল-এ সাইফুর রহমান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।