দেশের সফটওয়্যার খাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার আ্যন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২২-২৩ মেয়াদের নির্বাচন আজ রবিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।
রাজধানীর গুলশানে শুটিং ফেডারেশেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
গত ২৪ ডিসেম্বর এই নির্বাচনের দুই প্যানেলের সর্বশেষ মিটআপ হয়। ওয়ান টিম প্যানেল তাদের মতবিনিময়সভা আয়োজন করে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এবং সিনার্জি স্কোয়াড প্যানেল তাদের অনুষ্ঠান আয়োজন করে হোটেল আমারি’তে।
বেসিস নির্বাচন বিশ্লেষকদের মতে, এই দুই মিটআপে ভোটারদের আগ্রহ বিবেচনায় এগিয়ে আছে ‘এভরি মেম্বার ম্যাটার্স’-শ্লোগান নিয়ে দেশে ও বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাওয়া প্যানেল ‘ওয়ান টিম’। হোটেল রেডিসনে ৫০০ এর বেশি সদস্য যোগ দেন এবং তারা ওয়ানটিমকে ভোট দিয়ে জয়ী করার জন্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই নির্বাচনে ১১ পদে লড়ছেন ২৯ জন। বেসিস নির্বাচনে দুইটি প্যানেল হয়েছে যেখানে ‘ওয়ান টিম’ প্যানেলে এবং ‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলে থেকে ২০ জনসহ আটজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন।
এর মধ্যে আটটি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন। অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট বিভাগের দুটি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ইন্টারন্যাশনাল বিভাগে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন নির্বাচিত হযেছেন। ‘ওয়ান টিম’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বেসিসের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ। ‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বেসিসের দুই মেয়াদের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম।
অনুষ্ঠেয় এ নির্বাচনে ৮৭৬ জন ভোটার ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন করবেন।