শাওমির ১৯ ফোনে বন্ধ হচ্ছে নতুন ওএস সফটওয়্যার আপডেট

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৮

পুরোনো স্মার্টফোনের সফটওয়্যার সাপোর্ট বন্ধ করার পাশাপাশি নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ৪ উন্মুক্ত করছে শাওমি। এতে প্রতিষ্ঠানটির অন্তত ১৯টি পুরোনো মডেলের ফোন আর নতুন অপারেটিং সিস্টেম আপডেট ও নিরাপত্তা প্যাচ পাবে না। অন্যদিকে, নতুন আপডেটে নকশা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে।

চীনের বাজারে প্রথমবারের মতো শাওমি ১৭ সিরিজের ফোনে হাইপারওএস ৪ আপডেট দেওয়া শুরু হয়েছে। প্রযুক্তিবিষয়ক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সংস্করণে সফটওয়্যার ইন্টারফেসে স্বচ্ছ কাচের মতো নকশা যুক্ত করা হয়েছে। অ্যাপলের আইওএস ২৬-এর ‘লিকুইড গ্লাস’ ডিজাইনের সঙ্গে এর তুলনা করা হচ্ছে। গত ১৫ অক্টোবর থেকে শাওমির সর্বশেষ ফোন ও ট্যাবলেটগুলোতে পর্যায়ক্রমে এ আপডেট দেওয়া হচ্ছে।

তবে শাওমি ১২টি ও রেডমি নোট ১২-এর মতো পুরোনো মডেলের ব্যবহারকারীরা নতুন আপডেট পাচ্ছেন না। এসব ডিভাইসের সফটওয়্যার সাপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এগুলোতে ভবিষ্যতে অপারেটিং সিস্টেম আপগ্রেডের পাশাপাশি নিরাপত্তা প্যাচও আসবে না।

হাইপারওএস ৪ পাচ্ছে যেসব ডিভাইস

শাওমির প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম পর্যায়ে শাওমি ১৭ সিরিজ, রেডমি কে১০০ ও কে৯০ সিরিজ এবং শাওমি প্যাড ৮-এ আপডেট পৌঁছানোর কথা রয়েছে। পর্যায়ক্রমে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৫৭টি স্মার্টফোন ও ১৫টি ট্যাবলেটে নতুন সফটওয়্যার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সূচি অনুযায়ী, অক্টোবরের শেষ নাগাদ শাওমি ১৭ ম্যাক্স, ১৭টি, ১৭টি প্রো, রেডমি কে৯০ ম্যাক্স এবং রেডমি টার্বো ৫ সিরিজে আপডেট আসার কথা ছিল।

নভেম্বরের ১৫ তারিখের মধ্যে শাওমি ১৫ সিরিজ, মিক্স ফ্লিপ ২, সিভি ৫ প্রো এবং রেডমি কে৮০ সিরিজে আপডেট পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। একই মাসের ৩০ তারিখের মধ্যে রেডমি নোট ১৭ ও নোট ১৫ সিরিজে তা দেওয়ার কথা।

ডিসেম্বরের তালিকায় রয়েছে শাওমি ১৪ ও ১৩ সিরিজ, মিক্স ফোল্ড ৩ ও ৪, রেডমি কে৭০ সিরিজ এবং রেডমি নোট ১৪ প্রো ও নোট ১৪ ফাইভজি। ২০২৭ সালের জানুয়ারিতে টিভি ও পরিধানযোগ্য ডিভাইসগুলোতে আপডেট দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে আপাতত এ কার্যক্রম চীনের বাজারেই সীমাবদ্ধ। আন্তর্জাতিক বাজারে কবে থেকে হাইপারওএস ৪ চালু হবে, সে বিষয়ে শাওমি এখনো নির্দিষ্ট সময় জানায়নি। পোকো ব্র্যান্ডের ফোনগুলোর নামও চীনের আপডেট তালিকায় নেই।

যেসব ফোনে বন্ধ হচ্ছে আপডেট

শাওমির সিকিউরিটি সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে প্রতিষ্ঠানটির অন্তত ১৯টি ডিভাইস সফটওয়্যার সাপোর্টের মেয়াদ শেষ হওয়ার তালিকায় রয়েছে।

এর মধ্যে গত মার্চে শাওমি ১২ ও ১২ প্রো, রেডমি নোট ১২ ফাইভজি, রেডমি ১২সি এবং রেডমি এ২ ও এ২ প্লাসের সাপোর্ট শেষ হয়েছে। মে মাসে এ তালিকায় যুক্ত হয়েছে পোকো এফ৫ ও এফ৫ প্রো। অক্টোবরে শাওমি ১২টি ও ১২টি প্রোর সফটওয়্যার সাপোর্ট শেষ হয়েছে। নভেম্বরে রেডমি ১৩সি ও পোকো সি৬৫-এর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

সফটওয়্যার সাপোর্টের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট ফোনে আর অপারেটিং সিস্টেম আপগ্রেড কিংবা নিরাপত্তা প্যাচ দেওয়া হয় না। ফলে নতুন ফিচার ব্যবহারের সুযোগ বন্ধ হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে।

এদিকে কিছু অপেক্ষাকৃত নতুন মডেলেও হাইপারওএস ৪-এর পরীক্ষামূলক সংস্করণের কার্যক্রম এখনো শনাক্ত করা যায়নি। সফটওয়্যার আপডেট পর্যবেক্ষকদের তালিকায় রয়েছে রেডমি নোট ১৩ প্রো ফোরজি, রেডমি নোট ১৪এস, রেডমি এ৫ ফোরজি, পোকো সি৭১, পোকো এম৬ প্রো ফোরজি এবং পোকো এক্স৬ ফাইভজি।

এসব ফোনের সফটওয়্যার সাপোর্টের মেয়াদ এখনো শেষ হয়নি। তবে এগুলো হাইপারওএস ৪ পাবে কি না, তা নিয়ে শাওমি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আপডেট না পেলে ফোনগুলো হাইপারওএস ৩ সংস্করণেই থেকে যেতে পারে।

হাইপারওএস ৪-এ নতুন কী থাকছে

নতুন অপারেটিং সিস্টেমে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নকশায়। শাওমি এর নাম দিয়েছে ‘সফট লাইট গ্লাস’। এতে অর্ধস্বচ্ছ কাচের মতো উপাদান ব্যবহার করা হয়েছে, যা পেছনের রং ও কনটেন্ট অনুযায়ী স্বচ্ছতার মাত্রা পরিবর্তন করতে পারে।

এ ছাড়া লকস্ক্রিনের ঘড়ি ছোট-বড় করা, সরানো এবং নিজের পছন্দ অনুযায়ী সাজানোর সুবিধা যুক্ত হয়েছে। নতুন এ নকশার পূর্ণাঙ্গ সুবিধা পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ এলিট, ডাইমেনসিটি ৯৫০০ এবং শাওমির নিজস্ব এক্সরিং ও১ বা পরবর্তী প্রজন্মের চিপযুক্ত ফোনে। পুরোনো ডিভাইসগুলোতে এর সীমিত সংস্করণ পাওয়া যাবে।

পারফরম্যান্সের ক্ষেত্রেও উন্নতির দাবি করেছে প্রতিষ্ঠানটি। শাওমির তথ্য অনুযায়ী, টানা আট ঘণ্টা ব্যবহারের পর হাইপারওএস ৪ আগের সংস্করণের তুলনায় ২৭ দশমিক ২ শতাংশ বেশি মেমোরি খালি রাখতে পারে। দীর্ঘ সময় ব্যবহারের পরও অ্যাপ খোলার গতি ১৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

এ ছাড়া ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সুপার জিয়াওএআই ২.০’-তে যুক্ত হয়েছে নতুন এক্সপার্ট মোড। শাওমির নিজস্ব মিমো এআই মডেলনির্ভর এ সুবিধার মাধ্যমে বিভিন্ন অ্যাপের মধ্যে একাধিক ধাপের কাজ সম্পন্ন করা যাবে। তবে নতুন এআই সুবিধাগুলোর অধিকাংশই আপাতত চীনের ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।

হাইপারওএস ৪ অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক অপারেটিং সিস্টেম। তবে পুরোনো ফোনগুলোর ক্ষেত্রে আপডেট ও নিরাপত্তা সুবিধা পাওয়া নির্ভর করবে সংশ্লিষ্ট মডেলের নির্ধারিত সফটওয়্যার সাপোর্টের ওপর। ফলে নতুন অপারেটিং সিস্টেম চালুর পাশাপাশি পুরোনো ডিভাইসগুলোর আপডেট সুবিধা বন্ধ হওয়ার বিষয়টিও শাওমি ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইত্তেফাক/এসএ