বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও নানা ঘটনা প্রবাহ নিয়ে লেখা ‘বেগম খালেদা জিয়া :হার লাইফ, হার স্টোরি’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা এ বইটি প্রকাশ করেছে দি ইউনিভার্সেল একাডেমি। ৭১৮ পৃষ্ঠার এই গ্রন্থের দাম ২০০০ টাকা। গতকাল বিকালে ঢাকার গুলশানে হোটেল লেক শোরে এক অনুষ্ঠানে ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ গ্রন্থের প্রকাশনা উত্সব হয়।
গত শতকের আশির দশকের প্রথম দিকে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর একেবারে গৃহিনী থেকে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির জনভিত্তি তৈরি হয় খালেদা জিয়ার হাতেই। এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি। এরপর বহু চড়াই-উত্রাই পেরিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়ে চলছেন খালেদা জিয়া। গত ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি রয়েছেন।
অনুষ্ঠানে গ্রন্থের লেখক মাহফুজ উল্লাহ বলেন, খালেদা জিয়া জনমানুষের রাজনীতিবিদ বলেই এই বইয়ের নামকরণ করা হয়েছে হার লাইফ, হার স্টোরি। বেগম জিয়া হচ্ছেন বাংলাদেশের রাজনীতির একজন বংশীবাদক। গ্রন্থটির ওপর আলোচনা করেন সাবেক রাষ্ট্রদূত এম আনোয়ার হাশিম, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, কলামিস্ট ইকতেদার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়লা এন ইসলাম, অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।