দুয়ারে যখন ক্রিকেট বিশ্বকাপ তখন নিজেদের ফেবারিটদের প্রসঙ্গে কথা বলতে যেন মুখিয়ে আছেন সাবেক ক্রিকেটাররা। এই তালিকায় এবার সামিল হলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার হার্শেল গিবস। তার মতে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে ফেবারিট তকমা পাবে স্বাগতিক ইংল্যান্ড ও বিরাট কোহলির ভারত।
আগামী ৩০ মে থেকে শুরু হবে ৫০ ওভারের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর। শেষ হবে ১৪ জুলাই। ৪৪ বছর বয়সী গিবস ভারতে বসে বলেন, ‘এবারের যে ফরম্যাট তাতে সবারই সম্ভাবনা আছে। তবে, আমার মতে বিশ্বকাপের ফেবারটি দুই দল ভারত ও ইংল্যান্ড। তবে সেমিফাইনাল খেলা অপর দুই দল হতে পারেন কারা? এটা বলা কঠিন। অনেক কিছুই নির্ভর করে ইংল্যান্ডের আবহাওয়ার ওপর। এ টুর্নামেন্টে একটা বড় ভূমিকা রাখবে বোলিং আক্রমণ।’
দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে গিবস বলেন, এখানে কেবল এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিই গুরুত্বপূর্ণ নয়, দলে মান সম্পন্ন অলরাউন্ডারেরও অভাব রয়েছে। তিনি বলেন, ‘এবিডি থাকলে আমরা সব সময়ই ভাল দল। আমাদের দলে আছে ফাফ ডু প্লেসিস এবং কুইন্টন ডি কক রয়েছে। দক্ষিণ আফ্রিকা দলের একমাত্র সমস্যা একজন ভাল অলরাউন্ডার না থাকা।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর সম্প্রতি টেস্ট ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে দ্বি-মত পোষণ করেন গিবস। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট এখনো শক্ত অবস্থানে আছে। আমি বুঝতে পারছি না- জনগণ কেন বলছে আপনাকে এটার পুনর্জাগরণ ঘটাতে হবে। চার দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার বড় একজন সমর্থক আমি। পুরো পাঁচ দিন এটা চলার কোনো প্রয়োজন নেই।’
তবে ৯০ টেস্ট ২৪৮ ওয়ানডে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ক্রিকেটার বড় পরিসরের ক্রিকেটে ব্যাটসম্যানদের আরো চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখতে চান। ডান হাতি এই ড্যাশিং ব্যাটসম্যান বলেন, ‘ওয়ানডে ও টি-২০ ক্রিকেট ব্যাটসম্যানদের জন্য সহজ। টেস্ট ক্রিকেটের লড়াইয়ে তাদের টিকে থাকতে হলে তাদের চ্যালেঞ্জ নিতে হবে। পিচে টার্ন থাকলে কখনো কখনো টেস্ট ম্যাচ দুই দিনেই শেষ হয়ে যায়। তাতে আমি কিছু মনে করি না।’ -বাসস/টাইমস অব ইন্ডিয়া