হেরেও আশাবাদী জুভেন্তাস কোচ

শিরোপা প্রত্যাশী জুভেন্তাস উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে। দলের কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি অবশ্য এখনই লড়াইয়ের শেষ দেখছেন না। নিজেদের মাঠের পরবর্তী লেগ নিয়ে আশাবাদী তিনি। প্রতিযোগিতার অন্য ম্যাচে পাঁচ গোলের রোমাঞ্চে শেষ মুহূর্তে শালকের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

অ্যাটলেটিকোর মাঠে বুধবার রাতের ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শেষদিকে দুই উরুগুইয়ান ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেজ ও ডিয়েগো গোডিনের গোলে জয় পায় স্বাগতিক দলটি। তবে গোল দুটির আগে ভিএআরের খড়গে আলভারো মোরাতার প্রয়াসটি বাতিল না হলে ব্যবধান আরও বাড়তো দিয়েগো সিমিওনের দলের।

অ্যালেগ্রি ম্যাচশেষে স্কাই স্পোর্টস ইতালিয়াকে বলেন, ‘দ্বিতীয়ার্ধটা বেশ কুিসত ছিল, আমরা তাদের তাড়া করার সিদ্ধান্ত নিয়েই ভুলটা করেছিলাম। অ্যাটলেটিকো পুরো ম্যাচে গোলমুখে একটিও শট না নিয়ে খেলা শেষ করায় বেশ পারদর্শী। দ্বিতীয়ার্ধে আমরা তাদের গোলমুখে একটিও শট নিতে পারিনি। অ্যাটলেটিকো সেটপিসগুলোতে আরও আগ্রাসী হয়ে গিয়েছিল এবং আমাদের চমকে দিতে সক্ষম হয়েছিল।’

দ্বিতীয় লেগে জয়ের ব্যাপারে দলকে আত্মবিশ্বাসী হবার তাগিদ দিলেন অ্যালেগ্রি। তিনি বলেন, ‘এখন একে পুরোপুরি উল্টে দেওয়ার সুযোগ আমাদের সামনে। আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের কিছু খেলোয়াড় ফিরে আসবে সে ম্যাচে। হারানো সুযোগ নিয়ে হতাশ হবার কোনো প্রয়োজন নেই।’

ইতালীয় কোচ অনুপ্রেরণা নিচ্ছেন গেল মৌসুমের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বৈরথটি থেকে,‘আমরা এখনো মরে যাইনি, গেল মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হেরেও মরিনি। এখন তো দ্বিতীয় লেগটা খেলবো ঘরের মাঠেই!’

এদিকে অ্যাটলেটিকো কোচ সিমিওনে জানালেন দ্বিতীয় লেগে কঠিন কিছুই প্রত্যাশা করছেন তিনি। আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘পরিস্থিতির সর্বোচ্চ ব্যবহার করতে হতো আমাদের। এটা বেশ ভালো ফলাফল। আমরা জানি যে তুরিনে আমরা একটি দারুণ দলের মুখোমুখি হবো। দ্বিতীয় লেগে আমরা কষ্ট পাওয়ার ব্যাপারটি অনুমান করতে পারছি।’

এদিকে সিটি শালকের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে। ১৮ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যাওয়া ইংলিশ চ্যাম্পিয়নরা ৩৮ ও ৪৫ মিনিটে পেনাল্টি থেকে দুটি গোল হজম করে। গোল দুটি করেন শালকের আলজেরিয়ান স্ট্রাইকার নাবিল বেনতালিব। তবে ৮৫ মিনিটে লেরয় সানের গোলে সমতায় ফেরা কোচ পেপ গার্দিওলার দলের জয় নিশ্চিত করেন রাহিম স্টার্লিং। তিনি ৯০তম মিনিটে গোলটি করেন।

সিটি কোচ গার্দিওলা এই জয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও জানালেন ইউরোপীয় পরিবেশে লড়াইয়ের পরিপক্কতা আসেনি তার দলের। তিনি বলেন, ‘খেলার ফলাফল অবিশ্বাস্যভাবে ভালো, প্রতিপক্ষের মাঠে তিন গোল দারুণ ব্যাপার। তবে আমরা তাদের প্রথম গোলটা উপহার দিলাম, তারপর আরেকটা দিলাম তারপর উপহার দিলাম লাল কার্ডটা! এখনো চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়াই করার মতো তৈরি হইনি আমরা, কিন্তু ফলাফলটা ভালোই।’