সেঞ্চুরিয়ান টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত

সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টের মাত্র তৃতীয় দিন শেষ হয়েছে। যদিও হিসাব করলে প্রকৃতপক্ষে তা দুই দিন হয়। কারণ, দ্বিতীয় দিন বৃষ্টির কারণে পুরো ভেস্তে গেছে। তবু্, এই টেস্টে এরই মধ্যে জয়ের সুবাস পেতে শুরু করেছে সফরকারী ভারত।

তৃতীয় দিন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা থেকে তারা ১৪৬ রানে এগিয়ে আছে এবং হাতে রয়েছে ৯টি উইকেট। অর্থাৎ চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে নতুনভাবে শুরু করবে ভারত। ৫ রানে লোকেশ রাহুল ও ৪ রানে অপরাজিত আছেন নাইটওয়াচম্যান শার্দূল ঠাকুর। এখন তাদের লিড কতটা বড় হয় সেটাই দেখার বিষয়।

দারুণ বল করেছেন শার্দূল ঠাকুর

এর আগে প্রথম ইনিংসে লোকেশ রাহুলের ১২৩ রানের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ৩২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় সফরকারীরা। এছাড়া আজিঙ্কা রাহানে করেন ৪৮ রান। এর বাইরে আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি। স্বাগতিক বোলারদের মধ্যে একাই ৬টি উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিডি।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে মাত্র ১৯৭ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৫২ রান করেছেন টেম্বা বাভুমা এবং ৩৪ রান করেন ডি কক। ভারতীয় বোলারদের মধ্যে ৫টি উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই পেসার।