আগামী ৩ জানুয়ারি থেকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।
এ দিন ভর্তির বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে ২০ জানুয়ারি সব ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ২৩ জানুয়ারি নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং ২৪ জানুয়ারি থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কনফারেন্স রুমে এ তথ্য প্রকাশ করেন। এর আগে গত রবিবার জিএসটি গুচ্ছভুক্ত ২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সে সঙ্গে মোট আসনের তিন গুন শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হয়েছে।
নির্দিষ্ট সময়ে নির্ভুলভাবে ফলাফল প্রকাশের জন্য ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সকল অনুষদের ডিনগণ, ভর্তি কমিটির সচিব ও রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ এবং কারিগরি উপ-কমিটির সদস্যবৃন্দ।