ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক কে, তা নিয়ে বিতর্ক আছে। তবে বিরাট কোহলি যে শীর্ষ তিনের মধ্যে নেই তা অনেকেই স্বীকার করবে। কারণ, তার অধীনে এখন পর্যন্ত কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া। সম্প্রতি সাদা বলের অধিনায়কত্বও হারিয়েছেন। ফলে তিনি এখন কেবল ভারতীয় দলের টেস্ট অধিনায়ক।
এদিকে, সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব হারালেও বিরাট কোহলির অবদানকে অস্বীকার করতে নারাজ ভারতীয় কিংবদন্তী স্পিনার হরভজন সিং। বরং এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাবেক সতীর্থকে ব্যাপক প্রশংসায় ভাসিয়েছেন সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ক্রিকেটার।
ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন সিং বলেন, বিরাট কোহলি যদি এমএস ধোনির মতো শান্ত স্বভাবের হতেন, তাহলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এত বেশি রান করতে পারতেন না। মাঠে কোহলির আক্রমণাত্মক মেজাজ নিয়ে করা অপর এক প্রশ্নের জবাবে কিংবদন্তী এই স্পিনার বলেন, কোহলির আক্রমণাত্মক মনোভাবের কারণেই আজ ভারতীয় দল বিদেশের মাটি থেকে টেস্ট সিরিজ জিততে পারছে।
হরভজন সিং বলেন, ‘কোহলির মেজাজ ভারতীয় সেটআপের সঙ্গে পুরোপুরি মানানসই। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এরকম খেলোয়াড় দরকার এবং বিরাট কোহলি সেটাই করছেন। আগে যখন দল অস্ট্রেলিয়ায় যেতো তখন আমরা চিন্তা করতাম, কীভাবে টেস্ট সিরিজ বাঁচানো যায়। কিন্তু কোহলির নেতৃত্বে এই চিন্তায় পরিবর্তন এসেছে। বর্তমানে আমরা চিন্তা করি সেখানে গিয়ে কীভাবে টেস্ট সিরিজ জেতা যায়।’
‘আমার মনে আছে সে (বিরাট কোহলি) একটি সিরিজে অনেক রান করেছে, যদিও আমরা সিরিজটি হেরে যাই। ওই ম্যাচে জিততে হলে ভারতকে প্রায় ৪০০ রান করতে হতো এবং কোহলি একটি বড় সেঞ্চুরি হাঁকান। তারপর যখন সে প্যাভিলিয়নে ফেরত আসে, আমি তাকে বললাম, ম্যাচটি ড্রতে শেষ হতে পারতো। তখন জবাবে বিরাট বলে, টেস্ট ড্র করায় কোনো গুরুত্ব নেই, হয় আপনি জিতবেন নয়তো হারবেন। আমাদের লড়াই করা শিখতে হবে, জেতা শিখতে হবে এবং একদিন আমরা জিতবই’, যোগ করেন তিনি।
ভারতের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘এবং এই পরিবর্তনটি আপনি বর্তমানের ভারতীয় দলে লক্ষ্য করবেন। তারা অস্ট্রেলিয়া গিয়ে তাদেরকে দুইবার পরাজিত করেছে। তারা ইংল্যান্ডে ভাল খেলেছে এবং আমি আশা করি তারা এই সিরিজে (বর্তমানে চলমান) দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারবে। অবশ্য এই দক্ষিণ আফ্রিকান দলটি ততটা দুর্দান্ত নয়।
সুতরাং, কোহলি একজন নেতা হিসেবে তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছেন এবং করছেন। তার আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি বিরাট কোহলিকে আজকের খেলোয়াড়ে পরিণত করেছে। বিরাট কোহলি যদি এমএস ধোনির মতো শান্ত স্বভাবের হতেন, তাহলে আমার মনে হয় না তিনি এত বেশি রান করতে পারতেন।’