নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন মাশরাফি বিন মুতর্জা। ওয়ানডে অধিনায়কের সঙ্গে ফিরেছেন শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে ঢাকায় নেমেছেন তিন ক্রিকেটার। একই সময়ে আজ ঢাকায় পৌঁছবেন রুবেল হোসেন ও সাব্বির রহমান।
নিউজিল্যান্ড সফরে এবার অন্তত একটি ওয়ানডে জয়ের আশা করেছিল বাংলাদেশ। যদিও তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি মাশরাফির দল। ৩-০ তে সিরিজ হেরেছে বাংলাদেশ। সাকিব আল হাসান বিহীন বাংলাদেশের একাদশে ভারসাম্য ছিল না। তবে তিন ম্যাচেই টপঅর্ডারে তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকারদের ব্যর্থতা ছিল সিরিজ হারের মূল কারণ। টপঅর্ডার ব্যাটসম্যানদের পাশাপাশি গোটা সিরিজে মিডল অর্ডারে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন পুরোপুরি ফ্লপ। মোহাম্মদ মিঠুন, সাব্বির, সাইফউদ্দিনরা ব্যাট হাতে কিছুটা লড়াই করেছেন। কিন্তু তা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টির জন্য যথেষ্ট হয়নি।