ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি বুধবার নিজেদের মাঠে মঁপেলিয়েরের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে। তবে দলের এমন জয়ের পরও দলের কোচ থমাস টুখেল জানালেন ম্যাচটিতে নিজেদের সেরা ছন্দে ছিলো না তার দল।
পিএসজির প্রথম গোলটি আসে লেভিন কুরজাওয়ার পা থেকে। পরে একে একে গোলের তালিকায় নাম লেখান অ্যাঙ্গেল ডি মারিয়া, কিলিয়ান এমবাপে ও ক্রিস্টোফার এনকুঙ্কু। ফলে বড় জয় নিশ্চিত হয় তাদের। এই জয়ের পর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিলে থেকে ১৫ পয়েন্টে এগিয়ে গিয়েছে শিরোপাধারী দলটি। বর্তমানে ২৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট।
বিধ্বংসী জয়ের পরেও পিএসজি কোচ টুখেল পুরোপুরি সন্তুষ্টি প্রকাশ করেননি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘আমরা আক্রমণে অনেক ফাঁকা জায়গা পেয়েছিলাম এবং মঁপেলিয়েরের জন্য খেলাটা কঠিন করে ফেলেছিলাম। তবে রক্ষণে আমরা কিছুটা ছন্নছাড়া ছিলাম। সত্যি বলতে, সেরা খেলাটা দিতে পারিনি আমরা। আমরা যথেষ্ট আগ্রাসি ছিলাম না। কিন্তু আমরা আক্রমণে ভয়ঙ্কর ছিলাম এবং যোগ্য হিসেবেই জয়টি পেয়েছি।’