অনেকদিন পর মেহরাবের গান

অনেকদিন ধরে নতুন গান নেই ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত গায়ক আশিকুর রহমান মেহরাবের। ভক্ত-শ্রোতাদের সেই অপেক্ষা এবার ঘুচল। ‘আমি তো শুধু ভালোবাসতে চাই’ শিরোনামে নতুন একটি গান নিয়ে এসেছেন এই গায়ক। ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে গানটি আপলোড করা হয়েছে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীতায়োজনে মেহরাব নিজেই।

মেহরাব বলেন, ‘এটা সম্পূর্ণ ভালোবাসার একটি গান। রবিউল ইসলাম জীবন ভাই আর আমি আমার বাসায় বসে একসঙ্গে গানটির কথা ও সুরের কাজ করি। গানটি প্রকাশ হচ্ছে জেনে তিনি কাগজ ঘেটে জানালেন ২০১১ সালের ঠিক আজকের দিনটিতেই গানটি করা হয়েছিল। এটা সত্যিই বিস্ময়কর একটি বিষয়! তৈরির ৮ বছর পর গানটি এলেও এর কথা, সুর, সঙ্গীতায়োজন, গায়কী সবকিছুতে শ্রোতারা এখনকার সময়টাকে খুঁজে পাবেন।’

মেহরাব আরো জানান, কিছুদিন পর অফিসিয়াল ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে।