অভিযোগের পাহাড় জমছে দশকের পর দশক ধরে। এরই সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রোমে চার দিনের এক নজিরবিহীন সম্মেলন ডেকেছেন পোপ ফ্রান্সিস। সারা বিশ্বের ক্যাথলিক চার্চের প্রায় দুইশ শীর্ষ প্রতিনিধি এসেছেন সেই বৈঠকে। উদ্দেশ্য যাজকদের বিরুদ্ধে নাবালিকাদের যৌন হেনস্থার অভিযোগ এবং গির্জার তরফে তা ধামাচাপা দেওয়ার পথ বন্ধ করা ।
‘প্রোটেকশন অফ মাইনরস ইন দ্য চার্চ’ শীর্ষক এই কর্মশালায় চার দিন ধরে চলবে বৈঠক, বক্তৃতা এবং প্রশিক্ষণ। ধর্মস্থানে যৌন হেনস্থার শিকার হয়েছেন, এমন কয়েকজন ব্যক্তিও সেখানে তাদের অভিজ্ঞতার কথা জানাবেন। চিলিতে যৌন হেনস্থায় অভিযুক্ত বিশপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছিল বলে মেনে নিয়েছিলেন পোপ নিজেই। সমস্যার সমাধানে অনেকেই নির্যাতিতের সঙ্গে বিশপ বা গির্জার শীর্ষ পদাধিকারীদের সরাসরি কথা বলার বিষয়টিতে জোর দিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকা ও আল জাজিরার
ভ্যাটিকানের ইতিহাসে বিরল এই সম্মেলনকে পোপের নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ৮২ বছর বয়সী এই পোপের আমলে পৃথিবীর বিভিন্ন দেশের গির্জায় যাজকদের দ্বারা নান বিশেষত নাবিলাকদের ওপর যৌন হয়রানির বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পায়। এসব ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি তা বন্ধের অঙ্গীকার করেন।