নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক ও বিএনপির ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা।
জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে এবারে উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। তবে ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন উন্মুক্ত। তারপরেও নাগেশ্বরীতে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় বৈঠকে চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাছাই করে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ পৌর মহিলা লীগ সভানেত্রী লায়লা অফিয়া চামেলী, বিএনপি উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা আমিনা বেগম অনন্যাকে বাছাই করে। এর বাইরেও নির্বাচন করছেন জেলা বিএনপি সদস্য বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম। এক্ষেত্রে আওয়ামী লীগ একক প্রার্থী দেওয়ায় গণসংযোগ, প্রচারণায় অনেকটা সুবিধাজনক অবস্থায় তারা। অপরদিকে একাধিক প্রার্থী থাকায় বিপাকে পড়েছেন বিএনপি নেতা-কর্মীরা।