২৪ ঘণ্টা না পেরুতেই ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় জসিম উদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মিলন নামে আরও একজন। শনিবার বিকাল ৪টার দিকে ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জসিম উদ্দিন ভাটবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শনিবার দুপুরে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম সারুটিয়া ইউনিয়নে আসেন। তিনি শুক্রবারে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, নির্বাচনী তফশিল ঘোষণার পর সারুটিয়া ইউনিয়ন একের পর এক নির্বাচনী সহিংসতা ঘটছে। এক এলাকায় পুলিশ মোতায়েন থাকলে অন্য এলাকায় সহিংসতা ঘটছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতার করে আদালতে পাঠাচ্ছে।
সারুটিয়া ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় এ পর্যন্ত দুজন নিহত, ৩০ জন আহত,ও ৬০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয়েছে দুপক্ষের ১০টি মোটরসাইকেল। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন দাবি করেন, শনিরার নিহত জসিম উদ্দিন তার সমর্থক।