সুরেলা কণ্ঠে লতা ও সামিনার গানের 'ম্যাশআপ' গাইলেন পুনম

মৌলভীবাজারের মেয়ে পুনম ঘোষ। বাবা জেলা শহরের প্রথিতযশা আইনজীবী শান্তিপদ ঘোষ, মা নীলা ঘোষ। তিন বোনের মধ্যে সবার ছোট পুনমের গান শেখার শুরু বড়বোনের পাশে বসে বসে। ক্লাস টু-তে পড়ার সময় মা তাকে গানের স্কুলে ভর্তি করে দেন। তখন থেকেই গানের চর্চা শুরু হয়। স্কুলে ও কলেজে পড়ার সময় জেলা শহরের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ডাক পড়ত তার। ভালো শিল্পী হিসেবে পরিচিতি তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়েও ধরে রেখেছিলেন সেই পরিচয়।

এবার পুনম ঘোষের কণ্ঠে গাওয়া নতুন একটি 'ম্যাশআপ' গান মুক্তি পেয়েছে। নতুন বছরের প্রথমদিন ১লা জানুয়ারি শনিবার ফ্যান্টাসি স্যুইটের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় গানের ভিডিওটি। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের বিখ্যাত 'লাগ যা গালে' ও সামিনা চৌধুরীর 'ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়' গান দুটির ম্যাশআপ এটি।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পুনমের সুরেলা কণ্ঠের প্রশংসা করেছেন। ফেসবুক টাইমলাইনে গানের ভিডিওটি শেয়ারও করেছেন পুনমের বন্ধু, প্রিয়জন ও সুহৃদরা। পুনম ঘোষ জানান, 'এই গানটি রেকর্ড করা হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। নভেম্বরে শ্যুট করলেও দুর্ভাগ্যবশত সেসব ফুটেজ ডিলিট হয়ে যায়। পরে আবারও শ্যুট করেছি। প্রায়ই অনেকে আমাকে নতুন গানের কথা জিজ্ঞেস করেন—তাদের জন্য নতুন বছরের শুভেচ্ছা হিসেবে রইলো এটি।'

গানের পাশাপাশি ভালো আবৃত্তির জন্যও পুনমের বেশ পরিচিতি রয়েছে, যদিও তার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বন্ধুরা তাকে বেশি চেনেন গানের চমৎকার কণ্ঠের জন্যই। সদ্যই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় বাবার পথে হাঁটলেও নিয়মিতই গান করছেন, যদিও ডিজিটাল প্ল্যাটফর্মে সেভাবে ঘটা করে সচরাচর যুক্ত হন না। তবে এর আগে ২০২০ সালের মাঝামাঝি সময়ে সঙ্গীতশিল্পী সমরজিৎ রায়ের সঙ্গে পুনমের যৌথভাবে গাওয়া একটি গান ফেসবুক ও ইউটিউবে বেশ সাড়া ফেলে।

বিভিন্ন গান গাইলেও এই শিল্পীর বেশি ভালোলাগা রবীন্দ্রসংগীতের প্রতি। জড়িত ছিলেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সঙ্গে। স্কুলের অভ্যন্তরীণ, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় গানের পাশাপাশি আবৃত্তিতে অংশ নিয়েও তার ঝুলিতে যোগ হয়েছে বেশকিছু পুরস্কার। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বন্ধুদের আড্ডায় বা নানা আয়োজনে পুনম সবসময় ছিলেন গানের মানুষ হিসেবেই।

'লাগ যা গালে' ও 'ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়' গানের 'ম্যাশআপ' ভিডিওটি পরিচালনায় ছিলেন রাজীব মুমিনুল। ক্যামেরায় ছিলেন সুজন কর ও সঙ্গীতায়োজন করেছে স্টুডিও ফোক অ্যান্ড রক। সম্পাদনা করেছেন জীবেশ আচার্য্য জীবন।