টি-২০ বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস গেইল। এটাও বলেছিলেন ঘরের মাঠ জ্যামাইকায় একটি ম্যাচ না খেলে ২২ গজ ছাড়বেন না ইউনিভার্স বস।
গুঞ্জন ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-২০ই ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে তার শেষ ম্যাচ হতে পারে। কিন্তু তাকে দলেই রাখেনি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। রাখেনি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-২০র সিরিজেও। তাই ৪২ বছর বয়সী গেইলের বিদায়ী ম্যাচটা আপাতত জমা থাকল।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ অবশ্য বলছে, গেইলকে তারা সম্মানের সঙ্গেই বিদায় দিবে, তবে সময়টা এখন সঠিক নয়। বোর্ড প্রধান রিকি স্কেরিট বলেন, ‘কিশোর বয়স থেকেই গেইল জ্যামাইকা ও ওয়েস্ট ইন্ডিজের একজন অসাধারণ পারফরমার। তার সমর্থকদের থেকে ধন্যবাদ ও সম্মান প্রাপ্য তার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সেই আয়োজনটা করতে সঠিক সময় খুঁজবে, যাতে করে গেইল নিজেও তা উপভোগ করতে পারে।’
চলতি মাসের ৮ থেকে ১৬ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও এক টি-২০ খেলবে ক্যারিবিয়ানরা। এই সিরিজ দিয়েই আবার দলে ফিরেছেন অধিনায়ক কাইরন পোলার্ড। ২২ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ইংল্যান্ড সিরিজেও নেতৃত্ব দিবেন তিনি।