ভাষা শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিতে হলে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে -------- মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি

মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, মহান ভাষা আন্দোলনের মধ্যেই লুকিয়ে ছিল বাংলাদেশের স্বাধীনতার বীজ। বঙ্গবন্ধুর দেয়া তত্কালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনসহ ৬ দফা দাবিই  বাংলাদেশ প্রতিষ্ঠার মূলমন্ত্র হয়ে উঠে। যার ফলে আমরা ’৭১-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে পাক হানাদারদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে বাঙালির গর্ব বরকত, জব্বার, সালামরা  অকাতরে প্রাণ দিয়েছেন, তাদের সম্মান, আত্মত্যাগ ও বাংলাভাষাকে মর্যাদা দিতে হলে আজ আমাদের মাদক, সন্ত্রাস, জুয়া, দুর্নীতি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। দুর্নীতি দেশকে ধ্বংস করে ফেলছে। এর থেকে পরিত্রাণ পেতে হবে। তিনি মহান শহীদ দিবসে সকল স্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য সকলকে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মতিয়র রহমান খান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌরসভার মেয়র নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শহীদুল্লাহ এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।