বেতাগীতে জমি নিয়ে বিরোধে শ্বশুরের হাতে জামাই খুন

বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধে ধলু মৃধা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার।

নিহত ধলু মৃধা ঐ এলাকার মৃত মোজাফর মৃধার ছেলে। সংঘর্ষে নিহত ধলু মৃধার ছেলে মো. হাসান (১৯) আহত হয়েছেন। 

নিহতের স্বজনেরা জানান, নিহত ধলু মৃধার সঙ্গে জমি নিয়ে তার চাচা শশুর রফিক মল্লিকের (৫৫) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। এর জের ধরে আজ সকালে রফিক মল্লিক তার লোকজন নিয়ে সকালে জমি পরিমাপ করতে আসে। এ সময় ধলু মৃধার সঙ্গে রফিকের কথা-কাটাকাটি হয়। এ পর্যায়ে রফিক তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ধলু মৃধা ও তার ছেলেকে আঘাত করেন। এতে ধলু মৃধা ঘটনাস্থলে মারা যায় ও তার ছেলে হাসান আহত হন। 

বেতাগী হাসপাতালে নেওয়ার পরে জরুরী বিভাগের চিকিৎসক ধলু মৃধাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায়। 

ওসি শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিয় হাসপাতালে যায়। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।