বরগুনার আমতলী উপজেলায় নিজ ঘর থেকে তুহিন মুন্সি (২২) নামে এক যুবকের দুই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ফাঁস লাগানো ছিল। তবে মরদেহ উদ্ধারের সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তুহিন। তিনি মাদকাসক্ত হওয়ায় তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে স্বজনরা তেমন খোঁজখবর নেননি। তবে দুই দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দেন বাবা অলী উল্লাহ মুন্সি। এ সময় ঘরের একটি আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, নিজ ঘর থেকে তুহিন মুন্সি নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার দুই হাত একটি রশি দিয়ে পেঁচানো ছিল এবং ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে জানিয়ে ওসি বলেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য রোববার সকালে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
