জয়ের ব্যাটিং দেখে মনেই হয়নি সে জাতীয় দলে নতুন: মিরাজ

ক্যারিয়ারে মাত্র নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন। তাতেই ক্রিকেট বিশ্বের নজর নিজের দিকে টেনে নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশি ওপেনার মাহমুদুল হাসান জয়। তরুণ এই ব্যাটারের নৈপুণ্যেই এখন মাউন্ট মঙ্গানুই টেস্টে দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

দিনশেষে ৭০ রানে অপরাজিত আছেন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপের বিপক্ষে বেশ ধৈর্য্য নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন তিনি। এই রান করতে বল খেলেছেন ২১১টি। কিউই বোলারদের কোনো সুযোগই দিচ্ছেন না এই ব্যাটার। তাইতো দিনের খেলা শেষে সতীর্থের প্রশংসা করতে ভুলেননি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একই সঙ্গে ওয়ানডাউনে নেমে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলা নাজমুল হাসান শান্তরও ব্যাপক প্রশংসা করেছেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই তরুণের ব্যাট থেকে এসেছে ১০৪ রান।

মাহমুদুল হাসান জয়

মিরাজ বলেন, ‘এটি খুবই ভালো জুটি ছিল। সাম্প্রতিক সময়ে আমাদের টপ অর্ডাররা এমন জুটি গড়তে পারছিল না। তাই এটা আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে। আগামীকাল প্রথম সেশনে আমাদের ভালো ব্যাটিং করতে হবে। আমাদের আরও অনেক দূরে যেতে হবে।’

জয়ের ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘তার ইনিংস অবশ্যই আমাদের দলের জন্য একটি ইতিবাচক দিক। তার ব্যাটিং অবশ্যই আমাদেরকে সহায়তা করছে। জয় ভালো ব্যাটিং করছে, সময় নিয়েছে। দেখে মনেই হয়নি যে সে নতুন খেলোয়াড়। কন্ডিশন এবং পরিস্থিতির সঙ্গে সে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’

‘সে (জয়) ২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে সে বেশ ভালো করেছিল। জাতীয় দলে ঢোকার আগে ঘরোয়া ক্রিকেটেও রান করেছে। আমি মনে করি, বাংলাদেশকে তার অনেক কিছু দেওয়ার আছে। পুরো দল তার ব্যাটিংয়ের প্রশংসা করেছে,’ যোগ করেন মিরাজ।