স্নাতক ও স্নাতকোত্তরে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৫১ জন কৃতি শিক্ষার্থী।
রবিবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ দিন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এসময় তিনি বলেন, ডিনস্ অ্যাওয়ার্ড শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই অর্জন শিক্ষার্থীদের নতুন কিছু অর্জন করতে উৎসাহিত করবে। এই অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন তাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এই অ্যাওয়ার্ড শিক্ষা জীবন শেষে দিতে পারলে শিক্ষার্থীরা চাকরি জীবনে অনেক সুযোগ পেত। এই অনুষ্ঠান প্রতিবছর করলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে। এখন এ অ্যাওয়ার্ড তাদের কাজে নাও আসতে পারে। ডিনদের আহ্বান জানাই ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান যেন প্রতিবছর অব্যাহত থাকে।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
স্নাতক আটটি ব্যাচের অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১৮ জন শিক্ষার্থী হলেন-গণিত বিভাগের হুমায়রা দিল আফরোজ ও ফারহানা ইয়াসমিন; পরিসংখ্যান বিভাগের উম্মুল খায়ের সুমি ও সোনিয়া আকতার; অর্থনীতি বিভাগের মিস নয়ন তারা ও স্বর্ণা মজুমদার; ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সংগীতা বসাক, মো. রফিকুল ইসলাম ও শাকিলা ফেরদৌস; একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অরূপা সরকার ও রাবেয়া জামান; মার্কেটিং বিভাগের নাসরিন আকতার ঝুমুর ও তানজীনা ইয়াসমিন; ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের রিপা আকতার; সিএসই বিভাগের নয়ন বণিক এবং আইসিটি বিভাগের আমেনা বেগম, মো. কামরুল হাসান ও পিন্টু চন্দ্র পাল।
স্নাতকোত্তর ছয়টি ব্যাচের অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থী হলেন-গণিত বিভাগের সামিয়া তাহের, খাদিজা বেগম, পারভীন আকতার, হুমায়রা দিল আফরোজ ও মাহিনুর আকতার; পদার্থ বিজ্ঞান বিভাগের সানজিদা হক ও অন্তরা তাজরীন তৃণা; পরিসংখ্যান বিভাগের কনকন আচার্য; রসায়ন বিভাগের শারমিন আকতার রূপা ও মো. আলাউদ্দিন হোসাইন; অর্থনীতি বিভাগের মো. মাসুদ রানা, মো. সাইফুল ইসলাম, স্বর্ণা মজুমদার ও সায়েদা সুরাইয়া সুলতানা; নৃবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান লিপা; ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. জাহিদ হাসান, সঙ্গীতা বসাক, মো. রফিকুল ইসলাম ও শাকিলা ফেরদৌস; একাউন্টিং বিভাগের ফাহামিদা হোসাইন, তৃণা সাহা, ফাহিমুল কাদের সিদ্দিকী ও মো. কাউসার খান; মার্কেটিং বিভাগের মো. আওলাদ হোসাইন, নাসরিন আকতার ঝুমুর, খালেদা আকতার, জাহিদুল ইসলাম পাটোয়ারী ও তানজীনা ইয়াসমিন; সিএসই বিভাগের মেশকাত জাহান ও তাপসী গোস্বামী; আইসিটি বিভাগের আমেনা বেগম, নাবিলা মেহজাবিন ও মোহাম্মদ কামরুল হাসান।
উল্লেখ্য, স্নাতক ডিগ্রি ২০০৬-০৭ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এবং স্নাতকোত্তর ডিগ্রি ২০১০-১১ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্মাননা হিসেবে শিক্ষার্থীদের ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।