রাউজানে অজ্ঞাতনামা তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম গুজরার বেবী চৌধুরী সড়কের এজহার মিয়া সেতুর উত্তর-পশ্চিম পাশ থেকে পূর্বগুজরার ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির এসআই ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে একজন অটোরিকশা চালকের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি। লাশটিকে প্রথমে চটের বস্তায় বন্দি করে বস্তাটিকে সাদা পলিথিন ও নীল পলিথিন দিয়ে মুড়িয়ে কার্টনে ভর্তি করে স্কচটেপ ও নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। মেয়েটির বয়স আনুমানিক ২৬ বছর।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ ইত্তেফাককে বলেন, লাশটি উদ্ধার করে ২টার দিকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি।