অবকাঠামো খাতে জিডিপির সাড়ে ৪ শতাংশ বিনিয়োগ করতে হবে :বিশ্বব্যাংক

ইত্তেফাক রিপোর্ট

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের জন্য অবকাঠামো খাতে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) সাড়ে ৪ ভাগ অর্থ বিনিয়োগ করতে হবে। উন্নয়নশীল বিশ্বের এই বিনিয়োগ আরও দক্ষ ও কার্যকর ভাবে করার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত অবকাঠামো খাতে বিনিয়োগ ঘাটতি নিয়ে এক প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিশ্বে অবকাঠামো খাতে বিনিয়োগের ঘাটতি রয়েছে। বিশ্বে ৯৪ কোটি মানুষ এখনো বিদ্যুত্ সুবিধার বাইরে রয়েছে। ৬৬ কোটি ৩০ লাখ মানুষ নিরাপদ পানি সুবিধার বাইরে রয়েছে। ২৪০ কোটি মানুষের উন্নত স্যানিটেশন ব্যবস্থা নেই। বছরজুড়ে সকল আবহাওয়া উপযোগী সড়ক ব্যবহার করতে পারছে না একশ কোটি মানুষ। পরিবহন খরচ বেশি হওয়ায় শিক্ষা ও কর্মক্ষেত্রে অনেকের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এই অবস্থায় এসডিজির অবকাঠামো সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনে বিনিয়োগ বাড়াতে হবে।

বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিয়া এই বিষয়ে উল্লেখ করেছেন, অবকাঠামো খাতে বড় বিনিয়োগ করতে হবে। উন্নয়নশীল বিশ্বের জিডিপির সাড়ে ৪ ভাগ বিনিয়োগ করতে হবে অবকাঠামোতে। বিনিয়োগগুলোকে আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হবে।

উন্নয়নশীল বিশ্ব বর্তমানে জিডিপির ৩ দশমিক ৪ ভাগ থেকে ৫ শতাংশ অবকাঠামোতে বিনিয়োগ করছে। গড়ে এই বিনিয়োগ ৪ শতাংশের মতো। বৈশ্বিক লক্ষ্য অর্জন করতে হলে গড়ে সাড়ে ৪ শতাংশ বিনিয়োগ করতে হবে। অর্থাত্ লক্ষ্যের কাছাকাছি রয়েছে দেশগুলো। একইসঙ্গে বিনিয়োগগুলো দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষার লক্ষ্য, নবায়নযোগ্য জ্বালানি, সমন্বিত পরিবহন ব্যবস্থার উন্নতি করা, রেল যোগাযোগ উন্নত করা এবং শহর থেকে গ্রামে কারিগরি সেবার সম্প্রসারণ করতে হবে। এসডিজির লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সকলকে বিদ্যুত্ সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। এসডিজি অনুযায়ী সুপেয় পানি, নিরাপদ স্যানিটেশনের মতো লক্ষ্য অর্জনে স্বল্প খরচের কারিগরি উপকরণ ব্যবহারের সুপারিশ করা হয়েছে।