তুরস্কে মাল্টিন্যাশনাল মহড়া পরিদর্শনে সেনা প্রধান

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল বৃহস্পতিবার তুরস্কে ১৫টি দেশের অংশগ্রহণে চলমান মাল্টিন্যাশনাল উইন্টার এক্সারসাইজ কেআইএস ২০১৯ এর চূড়ান্ত মহড়া পরিদর্শন করেন। এসময় অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সেনাপ্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক উক্ত মহড়া পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত উল্লিখিত মাল্টিন্যাশনাল উইন্টার এক্সারসাইজ তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে। এই এক্সারসাইজে বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। এই এক্সারসাইজ এ অংশগ্রহণের মধ্য দিয়ে তুরস্ক ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো বেগবান হবে এবং পাশাপাশি বহুজাতিক পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।