চকবাজারে হতাহতের ঘটনায় এমএসএফ-এর গভীর উদ্বেগ

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক প্রাণহাণির ঘটনায় গভীর শোক জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এমএসএফ। গতকাল বৃহস্পতিবার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় একই রকম ঘটনা ঘটেছিল ২০১০ সালে পুরান ঢাকার নিমতলীতে। সে ঘটনায়ও শতাধিক মানুষ নিহত হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দাহ্য পদার্থসহ রাসায়নিক কারখানাগুলো এই এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু তা করা হয়নি। বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার এবং অতি দ্রুত দাহ্য পদার্থসহ রাসায়নিক কারখানাগুলো এই এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি করা হয়। চিকিত্সাধীনদের সুচিকিত্সা ও নিহতদের পরিবারের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করারও দাবি জানায় এমএসএফ।

বিবৃতিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের উদ্দেশে বলা হয়, ‘আপনারা কি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন? যদি করে থাকেন তবে আবাসিক এলাকায় এ ধরনের কারখানা থাকে কিভাবে? এ রকম আর একটি ঘটনাও ঘটুক- আমরা তা চাই না।’ প্রেস বিজ্ঞপ্তি।