ফরিদুর রেজা সাগর-এর জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৫৫। শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তার খ্যাতি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। টিভি অনুষ্ঠানে উপস্থাপনার পাশাপাশি তার লেখা বেশ কিছু নাটকও টেলিভিশনে প্রচারিত হয়েছে। প্রায় সারা জীবনই তিনি চলচ্চিত্র ও টেলিভিশনের সঙ্গে সড়িত রয়েছেন। বর্তমানে তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে লেখালেখিতে সম্পৃক্ত রেখেছেন।
ফরিদুর রেজা সাগর মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে একুশে পদক পেয়েছেন ২০১৬ সালে। শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজনার জন্য ৮ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মেরিল প্রথম আলো পুরস্কারে এ পর্যন্ত সাত বার শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে পুরস্কৃত হয়েছেন। এ প্রযোজকের প্রযোজিত চলচ্চিত্রগুলো এ যাবত্ ১৭১টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক ও টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনার জন্য বাচসাসসহ বিভিন্ন সংগঠন তাকে পুরস্কারে ভূষিত করেছে। শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি আরো পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার ২০১৯। শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজনার জন্য ফরিদুর রেজা সাগর বিদেশেও বহুবার নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
প্রায় শতাধিক গ্রন্থের লেখক ফরিদুর রেজা সাগরের লেখা ‘ছোট কাকু সিরিজ’ ছোট বড় সকলের কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে। এ পর্যন্ত ৩০টির বেশি ছোটকাকু সিরিজের বই প্রকাশিত হয়েছে। তার লেখা ‘এক জীবনে টেলিভিশন’ বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ লেখকের লেখা গল্প ‘অমি ও আইসক্রিমঅলা’ ৬ষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। ফরিদুর রেজা সাগরের পিতা মরহুম ফজলুল হক এদেশের চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতার পথিকৃত্ ছিলেন। মা রাবেয়া খাতুন দেশের প্রথিতযশা কথা সাহিত্যিক।— প্রেস বিজ্ঞপ্তি