আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার!

কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার লাগানোর অপরাধে চালককে কারাদণ্ড ও প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক গাড়ি চালক মোহাম্মদ আলী (৩০) কুমিল্লার বরুড়া উপজেলার বাশতলি গ্রামের সফিকুল ইসলাম এর ছেলে। নৌকা প্রতীক প্রার্থী আকুল হাসেম বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ ঘটনায় মোহাম্মদ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, নৌকা প্রতীক প্রার্থী আবুল হাসেম গাড়িতে পুলিশের ডিবি পরিচয়ের স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত চারশ গজের মধ্যে প্রবেশ করায় ভ্রাম্যমাণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম তাকে আটক করেন। এ সময় আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাজা ও জরিমানা করি।