মৃত্যুর পরেও বন্ধন ছিন্ন হয়নি ওদের! বাবা-ছেলে দুজনই মারা গেছেন চকবাজার অগ্নিকাণ্ডে। হাসপাতাল মর্গে দেখা যায়, মারা যাওয়ার পরেও বাবা তার তিন বছর বয়সী ছেলেকে জড়িয়ে ধরে রেখেছেন। এভাবেই মৃত্যু হয়েছে বাবা-ছেলের। তিন বছর বয়সী ছেলে আরাফাতকে নিয়ে দোকান থেকে বের হয়েছিলেন মোহাম্মদ আলী। মুহূর্তেই শুনলেন বিকট শব্দ। সঙ্গে সঙ্গে রাস্তাতেই ছেলেকে কোলে নিয়ে বসে পড়েন মোহাম্মদ আলী। এই অবস্থায় মারা যান তারা। সঙ্গে থাকা মোহাম্মদ আলীর ছোট ভাই অপুও মারা গেছেন।
হাসপাতালের মর্গের সামনে তাদের আরেক ভাই দিপু জানান, দুই ভাইকে জানিয়ে একটু আগেই বের হয়েছিলেন তিনি। খানিক যেতেই তিনি শোনেন বিকট শব্দ। তবে তিনি বেঁচে যান। পেছনে পড়ে ছিল তার দুই ভাই ও ভাতিজার লাশ।
দিপু জানান, বড় ভাই বিস্ফোরণের আওয়াজ শুনে গলির চিপায় বসে পড়েন। ভাতিজাকে নিয়ে বসা অবস্থায় মারা যান। নিহত মোহাম্মদ আলীর বয়স ৩৩ বছর। ছোট ভাই অপুর বয়স ৩০। চকবাজার এলাকায় কসমেটিকসের ব্যবসা করতেন তারা।