ক্রাইস্টচার্চের সবুজ উইকেটে ভয় পাচ্ছে না বাংলাদেশ

বিশ্বের যে কয়েকটি স্টেডিয়াম পেস বোলারদের জন্য স্বর্গ বলে পরিচিত, তার মধ্যে অন্যতম ক্রাইস্টচার্চের উইকেটটি। বিশেষ করে টেস্টে এই স্টেডিয়ামের সবুজ উইকেট ব্যাটারদের জন্য যেন মরণফাঁদ। তবে এবার বিষয়টি নিয়ে অতটা ভাবতে নারাজ বাংলাদেশ।

রবিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল বাহিনী। সফরকারীদের লক্ষ্য এই টেস্ট জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া। অন্যদিকে, কিউইদের লক্ষ্য ম্যাচটি জিতে সিরিজে সমতায় আনা। আর তাদের সুবিধা দিচ্ছে ক্রাইস্টচার্চের সবুজ উইকেট। নিল ওয়াগনার, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির সমন্বিত পেস আক্রমণ প্রতিপক্ষ ব্যাটারদের কাঁপুনি দিতে যথেষ্ট।

এদিকে, মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে ইতিহাস রচিত করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারানোর নায়ক বাংলাদেশি পেসাররা। তাইতো তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের দক্ষতায় ভরসা রাখছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। তার আশা, সবুজ উইকেটে থেকে বাংলাদেশি পেসাররাও সুবিধা আদায় করতে পারবে।

বাংলাদেশি পেসাররাও নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে

আজ শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমার এখনো পিচ দেখা হয়নি। আগে ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে যাওয়া হয়েছে। তবে ক্রাইস্টচার্চে কোনো টেস্টের জন্য আমার আসা হয়নি। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়, এটা আমাদেরও সুবিধা দেবে।’

বাংলাদেশি পেসারদের নিয়ে আত্মবিশ্বাসী ডমিঙ্গো বলেন, ‘আমাদের মানসম্পন্ন পেসার আছে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের। তারা এখন আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে তাদের আটকাতে পারবো।’