রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে জমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।
শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পদ্মার মধ্য কড়ালি নওশারার হবিরচরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বাঘায় পদ্মার মধ্য কড়ালি নওশারার হবির চরের শরিফুল ইসলাম নিজ জমিতে মাটি কাটছিলেন। এ সময় প্রতিপক্ষ আলমগীর হোসেন বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শরিফুল ইসলাম, তার স্ত্রী মর্জিনা বেগম, বোন মাজেদা বেগম ও ভাই জিয়াউল হক আহত হন। এছাড়া আলমগীর হোসেনের পক্ষের রিপন হোসেন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আলমগীর হোসেন ও তার মা আসুরা বেগমকে মারধর করা হয়। আহত অবস্থায় ওই দিনই তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, শরিফুল ইসলাম ও আলমগীর হোসেনের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।