রাজশাহীর তানোরে এবার বিয়ের দাবিতে বৈদ্যুতিক খুঁটিতে উঠেছে এক কিশোর।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার আগে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামে ঘটে এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় বিয়ের দাবিতে হঠাৎ ১৬ বছর বয়সী কিশোরটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়েন। এসময় বেশ কিছুক্ষণ চেষ্টা করে তাকে সেই খুঁটি থেকে নামাতে পারেননি পরিবারের সদস্য ও স্থানীয়রা। খবর দেওয়া হলে সন্ধ্যার পর তানোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে খুঁটি থেকে তাকে নামিয়ে আনেন।
ওই কিশোরের বাবা বলেন, ছেলেটি বাকপ্রতিবন্ধী। বেশ কিছু দিন ধরে সে বিয়ে করার আবদার করছিলো। এ কারণেই সে সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে গ্রামের পাঁকা রাস্তার ধারের পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে। এসময় গ্রামের লোকজন খবর দিলে অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি। পরে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে খুঁটি থেকে নামিয়ে আনেন।
তিনি বলেন, এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার মোবাইল ফোনের দাবিতে গ্রামের জমির মাঠের বিদ্যুতের খুঁটিতে উঠেছিল।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরকে বৈদ্যুতিক খুঁটিতে দেখতে পেয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে তার পরিবার ও তানোর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রায় ২ ঘণ্টা পর ওই বাকপ্রতিবন্ধী কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কিশোরটি বর্তমানে সুস্থ রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তানোর ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল রউফ বলেন, এক কিশোর বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যায়। প্রথমে তাকে নেমে আসতে বলা হলে সে নামছিল না। পরে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে নামিয়ে আনি। বৈদ্যুতিক খুঁটি উচ্চতা প্রায় ৩০ ফুট।
