যে দেশে করোনায় বাবা-মাকে হারালো এক লাখ শিশু 

পেরুতে প্রাণঘাতী করোনা ভাইরাসের হানায় প্রায় এক লাখ শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। গত ৬ জানুয়ারি দেশটির সরকার এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে করোনাভাইরাসের মৃত্যুর হার বিশ্বে সর্বোচ্চ।  

দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত তথ্যকে উদ্ধৃত করে পেরুর নারীকল্যাণ মন্ত্রী আনাহি ডুরান্ড বলেন, 'খুবই দুর্ভাগ্যজনক করোনায় আমাদের দেশের ৯৮ হাজার শিশু তাদের বাবা, মা বা তাদের অভিভাবকদের মধ্যে যে কোনও এক জনকে হারিয়েছে।

দেশটির সরকার বর্তমানে প্রতি দুইমাসে ১৮ হাজারের বেশি পরিবারকে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার হাজার টাকা করে পেনশন দিচ্ছে।

ডুরান্ড বলেন, এমন বহু পরিবার রয়েছে যারা আমাদের কাছে পেনশেনের জন্য আসছেন। সে সব পরিবারের অনেকেই কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে বাড়িতেই মারা গিয়েছেন। কিন্তু কোনও ভাবে ওই পরিবারগুলো করোনার মৃত্যু সার্টিফিকেট দেখাতে পারছে না। তাদের সেই পরিস্থিতিও নেই। আর পেনশন পাওয়ার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 

ডুরান্ড জানান, ৮৩ হাজার শিশুর শিক্ষার বিষয়ে সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। 

তিন কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে। এবং দেশটিতে ইতোমধ্যে ২০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। 

দেশটিতে করোনা হানার পর থেকে এখন পর্যন্ত দুই লাখ দুই হাজার ৯০০ লোকের মৃত্যু হয়েছে। তথ্যসূত্র: ফার্স্ট পোস্ট।