‘যদি দেখা মেলে স্বজনদের’

ভোর হতেই স্বজনরা ভিড় করছেন হাসপাতালে। রাতে যাদের খোঁজ পাচ্ছিলেন না তাদের কাছে পেতেই ছুটে এসেছেন এখানে। যদি দেখা মেলে স্বজনের। নিখোঁজ স্বজনদের মধ্যে কারো বাবা-ভাই-বোন আবার কারো কারো সন্তানও রয়েছেন। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যাদের মৃতদেহ রাখা হয়েছে তাদের অধিকাংশ চেনা যাচ্ছে না। আগুনে পুড়ে দেহ হয়েছে অঙ্গার। লাশের এ বীভত্স রূপ দেখে স্বজনদের অনেকেই হাউমাউ করে কাঁদছেন। আবার কেউ কাঁদছেন ডুকরে ডুকরে। আবার কাউকে নীরবে চোখের জল ফেলতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার এমন চিত্রই ছিল হাসপাতালের মর্গ ও জরুরি বিভাগ এলাকায়।

নিখোঁজের তালিকায় যারা রয়েছেন তাদের অনেকের স্বজন মোবাইলে ছবি তুলে এনে কাউকে কাউকে দেখাচ্ছেন। আবার কেউ কেউ মর্গে থাকা পুড়ে যাওয়া লাশের সঙ্গে মুখবয়াব মেলানোর চেষ্টা করছেন। তাদের সকলের একই বক্তব্য, জীবিত না হলেও যাতে অন্তত মৃতদেহটা পাওয়া যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ বলেন, মৃত অনেকের পরিচয় এখনও পাওয়া যায়নি। কারও কারও চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে তাদের পরিচয় পেতে সময় লাগবে।