উন্মোচনের কয়েক ঘণ্টা পরেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মূর্তি পুড়িয়ে দিয়েছে দেশটির প্রতিবাদকারীরা।
সোলাইমানির হত্যার দুই বছর পূর্তিতে গত বুধবার সাবেক এই শীর্ষ জেনারেলের মূর্তি দেশটির শাহরেকর্ড শহরে স্থাপন করা হয়। কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই 'অজ্ঞাত দুষ্কৃতীরা' তাতে আগুন জ্বালিয়ে দেয়। তবে ঠিক কী কারণে হামলা চালানো হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির একজন প্রাদেশিক প্রতিনিধি, মোহাম্মদ আলী নেকোনাম, এই ভাঙচুরকে অপবিত্রতার একটি 'নির্লজ্জ কাজ' বলে উল্লেখ করেছেন।
তিনি আরো বলেন, এই বিশ্বাসঘাতক অপরাধ রাতের আধারে করা হয়েছে যেমনটি বাগদাদ বিমানবন্দরে রাতের আধারে করা হয়েছিল।
এক ভিডিও দেখা গেছে, সোলেইমানির মূর্তিতে আগুন জ্বলছে ও ধোঁয়া উড়ছে এবং তার পাশে দিয়ে গাড়ি যাচ্ছে।
২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলেইমানি। সোলাইমানিকে হত্যার ঘটনার পর ইরানে বহু মূর্তি স্থাপন করা হয়। তথ্যসূত্র: নিউ আরব টাইমস।