ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে এমপির গাড়ি খাদে

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম৷ বালিয়াডাঙ্গিতে নিজ নির্বাচনি এলাকার রাস্তায় একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে গাড়ি খাদে পরে গেলে দুর্ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলের এই দুর্ঘটনায় এমপি দবিরুল সামান্য চোট পেয়ে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংসদের বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, বিকেল ৪ টায় আমার বাবা আলহাজ্ব দবিরুল ইসলাম তার নিজ নির্বাচনি এলাকা বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর থেকে পাড়িয়া যাওয়ার পথে তার গাড়ীটি দুর্ঘটনার শিকার হয়৷ এতে তিনি সামান্য আহত হয়। সে সময় স্থানীয়রা সাংসদকে দ্রুতই বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এই বিষয়ে সাংসদ দবিরুল ইসলাম বলেন, আমার গাড়িটি যথারীতি চালক চালাচ্ছিলেন। আচমকা সামনে একটি ভ্যানগাড়ি চলে আসে। ভ্যান চালককে বাঁচাতে আমি পেছন থেকে চিৎকার দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে ফেলে দেয়। সেসময় কিছুটা চোট পাই। তবে এখন আমি ভালো আছি।

বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিঠুন চন্দ্র জানান, সাংসদের তেমন কোনো বড় চোট ছিলো না। সামান্য আঘাত পেয়েছে। তাই তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।