করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বা ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়লেও মাস্ক ছাড়াই যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীরা। এমনকি তারা কোনো স্বাস্থ্যবিধিও মানছেন না। অথচ গত ১০ জানুয়ারি সরকারঘোষিত এক প্রজ্ঞাপনে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
গতকাল সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মাস্ক ছাড়াই প্রচুর দর্শনার্থী মেলায় ঘুরে বেড়াচ্ছেন। অনেকে মেলায় প্রবেশের সময় মাস্ক ব্যবহার করলেও মেলায় প্রবেশ করেই তা খুলে ফেলছেন। আবার অনেকের মাস্ক রয়েছে থুতনিতে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এ প্রসঙ্গে মেলার পরিচালক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী জানিয়েছেন, কোনো দর্শনার্থী মাস্ক ছাড়া মেলায় প্রবেশ করতে পারবেন না। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজর রাখবে।
গতকাল মুন্সীগঞ্জ থেকে মেলায় আসা গৃহবধূ ফাতেমা আক্তার বলেন, সবেমাত্র মেলা জমে উঠছিল। ঠিক তখনই করোনার সংক্রমণ বাড়ছে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঢাকার ইব্রাহিমপুর থেকে আসা ব্যবসায়ী আলী আকবর বলেন, ‘মেলার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছি। পরিবেশ অনুকূলে থাকলে স্ত্রী সন্তানদের নিয়ে আগামী শুক্রবারে আসব।’
মেলার দর্শকদের টিকিটের ইজারাদার আব্দুল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধের কারণে মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের আগমন কিছুটা কমেছে। মেলা বন্ধ হয়ে গেলে অনেকের মতো আমরাও ক্ষতিগ্রস্ত হব।’
এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, করোনা সংক্রমণ বাড়লেও এখন পর্যন্ত মেলা সংক্ষিপ্ত বা বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, গত ১ জানুয়ারি পূর্বাচলের স্থায়ী কমপ্লেক্সে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।