আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

বগুড়ার আদমদীঘিতে মাত্র ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। 

অভিযুক্ত আনোয়ার উপজেলার নশরতপুর ইউপির ডুমুরিগ্রামের মৃত কফির উদ্দীনের ছেলে। আসামিকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি।
 
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ডুমুরিগ্রামের সরিষাবাড়ি মাঠে ছাগল চড়াতে  যায় ওই কন্যা শিশুটি। একই গ্রামের অভিযুক্ত আনোয়ার ওই শিশুটিকে টাকার লোভ দেখিয়ে সরিষার ক্ষেতে নিয়ে যেতে চায়। কিন্তু শিশুটি যেতে না চাইলে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। শিশু চিৎকার করলে পাশের ক্ষেতে কাজ করতে থাকা শিশুটির আপন চাচা আজাদুল ইসলাম এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। এ নিয়ে গ্রামে বৈঠক বসলেও ঘটনার মীমাংসা না হওয়ায় অভিযুক্ত আনোয়ারের শাস্তির দাবিতে থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় বুধবার (১২ জানুয়ারি) কন্যা শিশুর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, শিশুর বাবা বাদি হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।