২ কোটি মাস্ক আসছে যুক্তরাষ্ট্র থেকে

যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছে কাপড়ের তৈরি প্রায় ২ কোটি মাস্ক। মার্কিন বহুজাতিক করপোরেশন হ্যানেসব্র্যান্ডস ইনকরপোরেটেড থেকে ৩ স্তর বিশিষ্ট এই মাস্ক আনছে ব্র্যাক। 

বুধবার (১২ জানুয়ারি) ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। 

জাতীয় রাজস্ব বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মাস্কগুলো। কিছু দিনের মধ্যে আরও সাড়ে তিন কোটি মাস্ক আসবে। মোট সাড়ে পাঁচ কোটি মাস্ক বিনামূল্যে বিভিন্ন বেসরকারি সংস্থা ও জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে বিতরণ করবে ব্র্যাক। 

এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার আনুষ্ঠানিকভাবে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন।