ঋষি কাপুরকে দেখতে নিউইয়র্কে আমির

অনেকদিন ধরে নিউইয়র্কে চিকিত্সাধীন রয়েছেন ঋষি কাপুর। সেখানে প্রায়ই বলিউডের বিভিন্ন তারকা ঋষি কাপুরের সাথে দেখা করতে যান। এবার তাকে দেখতে ছুটে যান আমির খান। সেখানে তাদের একসাথে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নীতু সিং।

নীতু সিং লিখেছেন, ‘ঘণ্টার পর ঘণ্টা কাটানো নয়, যতটা সময় মানুষটার সঙ্গে ছিলেন, সেই সময়টা সুন্দরভাবে কাটানোটাই আসল কথা। আমির যতটা সময় ছিলেন তাকে (ঋষি কাপুর) ভালোবাসা, শ্রদ্ধা ও হাসি ঠাট্টায় মেশানো সুন্দর একটা সময় উপহার দিয়েছেন। সত্যিই ও একটা আসল সুপারস্টার। আমার মনে হয় আমার সঙ্গে সকলেই সহমত হবেন।’ বিভিন্ন গণমাধ্যমে খবর পাওয়া যায় ঋষি কাপুর ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তবে ঋষি কাপুরের অসুস্থতা নিয়ে নীতু সিং বা কাপুর পরিবারের তরফে কোনো স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। এই বিষয়ে রণবীর কাপুর জানিয়েছেন, ঋষি কাপুরের শরীরের একটা অদ্ভুত যন্ত্রণা রয়েছে। তার বিভিন্নরকম টেস্ট করা হচ্ছে। যদিও এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা হয়নি। এর আগে আমেরিকায় যান শাহরুখ-গৌরী, অনুপম খের, প্রিয়াঙ্কা চোপড়া, সোনালি বেন্দ্রেসহ অনেকেই।