আন্তর্জাতিকভাবে গতকাল মুক্তি পেয়েছে ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন:দ্য হিডেন ওয়ার্ল্ড’। একইদিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।
বরাবরের মতো ড্রিমওয়ার্কস আর ইউনিভার্সাল পিকচার্স নিয়ে এসেছে ক্রেসিডা কাওয়েলের বইয়ের ওপরে নির্মিত অ্যানিমেশন ছবিটি। গত ৩ জানুয়ারি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ছবিটি। ১২৯ মিলিয়ন ডলার খরচ করে নির্মিত ছবিটি মুক্তির আগেই আয় করে নিয়েছে ৪১ মিলিয়ন ডলার।
সমালোচকদের মতে, আগের দুটি ছবির ধারা বজায় রাখতে সফল হয়েছে হাউ টু ট্রেইন ইওর ড্রাগন:দ্য হিডেন ওয়ার্ল্ড। শুধু তাই নয়, শেষ অংশে এসে দর্শকদের আবেগতাড়িতও করেছে চলচ্চিত্রটি। সাফল্যের দিক থেকে আগের ছবিকে ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা নির্মাতাদের।
এই চলচ্চিত্রে হিকাপের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জে বারুশেল। সঙ্গে আছেন অস্ট্রিড চরিত্রে আমেরিকা ফেরেরা, খলনায়ক গ্রিমেল চরিত্রে এফ মুর আব্রাহাম, ভলকা চরিত্রে কেট ব্ল্যানচেটসহ আরো অনেকে। এটি পরিচালনা করেছেন ডিন ডিব্লয়েস।