শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারী ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসকে প্রত্যাখান করে তারা এমনটি করে।
রবিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস আন্দোলনকারী ছাত্রীদের কাছে এক সপ্তাহ সময় চান। কিন্তু ছাত্রীরা তা প্রত্যাখ্যান করেন। এছাড়া, প্রশাসনের সামনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচার চান তারা।
এক পর্যায়ে অধ্যাপক তুলসী কুমার দাসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা কোন সিদ্ধান্ত না জানিয়ে স্থান ত্যাগ করলে আন্দোলনকারী ছাত্রীরাও তাদেরকে অনুসরণ করে বিভিন্ন স্লোগান দিয়ে এগোতে থাকে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বের হলে আন্দোলনকারী ছাত্রীরা তার পথরোধ করে। পরে তিনি আইসিটি বিল্ডিংয়ে অবস্থান নিলে ছাত্রীরা তাকে ওই ভবনের ৩৩৩ নম্বর রুমে অবরুদ্ধ করে রাখে।
বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শাবি উপাচার্যকে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজা ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, অবিলম্বে হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগ দেয়া। উপাচার্যের সঙ্গে দেখা করে শুক্রবার দাবি মেনে নেয়ার জন্য শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেঁধে দেন ছাত্রীরা। এরপর শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে সড়ক অবরোধ ও বিক্ষোভ।
প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে বৃহস্পতিবার রাত ১১টা থেকে আড়াইটা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন ওই হলের ছাত্রীরা।
এ সময় উপাচার্য বাসভবন থেকে বেরিয়ে শিক্ষার্থীদের কাছে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে ছাত্রীরা হলে ফিরে যান। শুক্রবার উপাচার্যের সঙ্গে আলোচনার পর সমাধান না পেয়ে ফের বিক্ষোভ শুরু করেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে হলের পানি, সিট, ইন্টারনেট সংযোগ, খাবারসহ বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনার পর ছাত্রীরা হল প্রভোস্ট জাফরিন আহমেদকে ফোন করে সমস্যার কথা জানান এবং অল্প সময়ের জন্য হলে আসার অনুরোধ করেন। এ সময় প্রভোস্ট হলে আসতে অস্বীকৃতি জানান এবং তাদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করেন।