সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, সরকারি মুখপাত্র আহত 

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির সরকারি এক মুখপাত্র আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ওই বিস্ফোরণ ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন এক আত্মঘাতী ওই হামলা চালিয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

আল জাজিরা জানিয়েছে, হামলায় সরকারি মুখপাত্র ইব্রাহিম মোয়ালিমুকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। 

ওই ঘটনাস্থলে থাকা এক ফটোগ্রাফার জানিয়েছেন, তিনি ইব্রাহিমের বাড়ির বাইরে একজনের দেহের অংশ পড়ে থাকতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলাকারীর শরীরের অংশ। 

দেশটির পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদেন রয়টার্সকে বলেন, সরকারি মুখপাত্রকে লক্ষ করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। হামলায় আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, মোগাদিসুর সড়কের একটি মোড়ে হওয়া বিস্ফোরণটি আসলে আত্মঘাতী বোমা হামলা। আল জাজিরা।